নিজের পরিচিত ১০ নম্বর জার্সি পরেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী নানা কর্মসূচিতে এই জার্সি পরেই তাঁকে নিয়মিত দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে তিনি […]
ছবি: সংগৃহীত
নিজের পরিচিত ১০ নম্বর জার্সি পরেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী নানা কর্মসূচিতে এই জার্সি পরেই তাঁকে নিয়মিত দেখা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন। এ সময় সবার নজর কাড়ে তাঁর পরিহিত সেই ‘ঐতিহাসিক’ ১০ নম্বর জার্সি।
দীর্ঘ সময় ধরে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় হাসনাত এই জার্সিই পরতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ড. মুহাম্মদ ইউনূস যেদিন ফ্রান্স থেকে দেশে ফেরেন, সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতেও এই জার্সি গায়েই হাজির ছিলেন হাসনাত। এমনকি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে মঞ্চে ওঠার সময়ও তাঁর পরনে ছিল সেই পরিচিত জার্সি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সব ভোটকেন্দ্রে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই জার্সি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শপথ অনুষ্ঠানে তিনি সেই জার্সি পরেই আসবেন কিনা—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার শপথ অনুষ্ঠানে সেই ১০ নম্বর জার্সি পরেই হাজির হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াতের একাধিক নেতাকেও সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।