বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেয়। সাক্ষাৎকালে পারস্পরিক […]
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৈঠকে ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফেরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জাপান সফরে তিনি আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
সফরকালে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহ দেন তিনি। এ ছাড়া অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সেনাপ্রধান।