২০২৭ সালের হজ মৌসুমে হাজিদের যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন সমন্বিত সেবা চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় থাকা, খাওয়া, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সমন্বিত প্যাকেজ চালু […]
২০২৭ সালের হজ মৌসুমে হাজিদের যাত্রা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন সমন্বিত সেবা চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় থাকা, খাওয়া, যাতায়াতসহ পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সমন্বিত প্যাকেজ চালু করবে। এর আওতায় সৌদি আরবে পৌঁছানোর পর থেকে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত হাজিদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হবে।
নতুন প্যাকেজের মধ্যে মক্কা ও মদিনায় আবাসনের ব্যবস্থা, যাতায়াত, খাবার সরবরাহ এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
তবে মূল প্যাকেজের বাইরে হাজিরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও নেওয়ার সুযোগ পাবেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলোও নিজেদের পরিকল্পনা অনুযায়ী হাজিদের জন্য আরও নমনীয় ও সমন্বিত হজ কর্মসূচি তৈরি করতে পারবে।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি হজ সেশনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও হজ ব্যবস্থাপনার এই ডিজিটাল ও সমন্বিত পদ্ধতি ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ ব্যবস্থাপনা আধুনিক ও ডিজিটাল করতে সৌদি আরব এরই মধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে। হাজিদের সেবা আরও সহজ করতে দেশটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ও ডিজিটাল ব্যবস্থা চালু করে আসছে।