সৌদি আরবের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করে যৌথভাবে প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে এমন অঙ্গীকার থাকলেও বাস্তবে এই সহযোগিতা কতটা সামরিক পদক্ষেপে রূপ নেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করে যৌথভাবে প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে এমন অঙ্গীকার থাকলেও বাস্তবে এই সহযোগিতা কতটা সামরিক পদক্ষেপে রূপ নেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং ইরানের সঙ্গে আঞ্চলিক সম্পর্কের জটিলতায় চুক্তিটির সীমাবদ্ধতা সামনে আসছে।
চুক্তির মূল লক্ষ্য তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা। কিন্তু সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সামরিক সহায়তা দেওয়া এবং ইয়েমেনে প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া এক বিষয় নয়। পাকিস্তান ও তুরস্কের অবস্থানেও এই পার্থক্য স্পষ্ট।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চলমান অস্থিরতা ইসলামাবাদের বৈঠকে আলোচনার বিষয় হবে। চুক্তি অনুযায়ী, সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এর কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে।
সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিলেও ইয়েমেনে গিয়ে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি নাকচ করেছে পাকিস্তান। গত ৯ অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা জোটের অধীনে হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না। তাঁর ভাষ্য, এই জোটের উদ্দেশ্য তিন দেশকে বহিঃআক্রমণ থেকে সুরক্ষা দেওয়া।
এর আগে ১১ এপ্রিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের একটি সেনাদল যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজসহ দেশটির পূর্বাঞ্চলের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে। ২০২৫ সালে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সেনা মোতায়েন করা হয়েছিল।
সিডনিভিত্তিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক মুহাম্মদ ফয়সালের মতে, সৌদি আরবে পাকিস্তানের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সমন্বয়ের বড় অংশই মক্কা চুক্তির আগের। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি হয়। কাতারে ইসরাইলের হামলার পর উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর নিজেদের নির্ভরতা নতুন করে পর্যালোচনা করছিল। সেই প্রেক্ষাপটেই চুক্তিটি হয়েছিল।
ফয়সাল আরও বলেন, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিতে পাকিস্তানের ওপর সৌদি আরব প্রকাশ্যে কোনো চাপ দেয়নি।
তবে রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী গবেষক উমের করিম মনে করেন, পাকিস্তানের এই সীমাবদ্ধতা সৌদি আরবের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। হুথিদের মোকাবিলায় পাকিস্তানের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা এমনকি প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকার প্রত্যাশাও থাকতে পারে রিয়াদের। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবেও পাকিস্তানকে কাজে লাগাতে চায় সৌদি আরব।
এখানেই ইসলামাবাদের কৌশলগত জটিলতা। হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপে অংশ নিলে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, হুথিদের প্রধান বিদেশি সমর্থক ইরান।
সৌদি আরবে হুথিদের হামলার ঘটনা মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। গত ২৪ নভেম্বর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, রিয়াদের আর্থিক কেন্দ্রে একটি ভবনে হুথিদের হামলায় ১১ জন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারান।
গত ৫ অক্টোবর রিয়াদে জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবের প্রয়োজন অনুযায়ী সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হন প্রতিনিধিরা। তবে যৌথ বিবৃতিতে ইয়েমেন বা হুথিদের নাম উল্লেখ করা হয়নি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত ২১ নভেম্বর দেশটির গণমাধ্যমকে বলেন, সৌদি আরবকে রক্ষা করাই তাঁদের বর্তমান নীতি। ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
আঙ্কারাভিত্তিক বিশ্লেষক ওমের ওজকিজিলচিকের ধারণা, আপাতত এই জোটের ভূমিকা প্রতিরক্ষামূলক থাকবে। সৌদি আরব যদি কেবল প্রতিরক্ষামূলক সহায়তা চায়, তাহলে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে জোটের অংশ নেওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদের মতে, সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতির আওতায় স্থল ও আকাশপথের সামরিক সক্ষমতা, যুদ্ধবিমান, স্থলসেনা, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ভৌগোলিক গোয়েন্দা তথ্য সহায়তা রয়েছে। তাঁর মতে, প্রতিরক্ষামূলক অভিযানেও পরিস্থিতির কারণে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে।
মক্কা চুক্তিকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার কাজও চলছে। গত সেপ্টেম্বরে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়। জোটের সচিবালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে।
গত ১৯ নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার অগ্রগতি পর্যালোচনা করেন মহাসচিব নওমান মাহমুদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৩ অক্টোবর জানায়, ইসলামাবাদ ও রিয়াদ চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া শেষ করেছে। তুরস্কের পার্লামেন্টে গত ৫ নভেম্বর ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এতে সই করেন। এর মধ্য দিয়ে তিন দেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেমব্রোক কলেজের ভিজিটিং গবেষক আইয়ুপ এরসয়ের মতে, চুক্তিটির আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দ্রুত তৈরি হয়েছে। তবে ওজকিজিলচিক মনে করেন, এই জোটে কোনো পরাশক্তি নেই। ফলে সামরিক সক্ষমতা এবং দূরবর্তী অঞ্চলে শক্তি প্রয়োগের ক্ষমতা আঞ্চলিক বা মধ্যম শক্তির দেশগুলোর সীমাবদ্ধতার মধ্যেই থাকবে।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো প্রকাশ করা হয়নি। কোনো সদস্যদেশ আক্রান্ত হলে যৌথ সামরিক প্রতিক্রিয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে, কোন দেশ কত সেনা বা সামরিক সরঞ্জাম পাঠাবে এবং অভিযানের নেতৃত্ব কার হাতে থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। গত ২৬ অক্টোবর সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছে বলে ধারণা করা হয়।
মুহাম্মদ ফয়সালের মতে, এই বৈঠক পাকিস্তানের দ্বৈত ভূমিকার উদাহরণ। একদিকে দেশটি সৌদি আরবের প্রতিরক্ষা জোটের সদস্য, অন্যদিকে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করছে।
কিংস কলেজের গবেষক নওয়াফ ওবায়েদের মতে, সৌদি আরব ও ইরানের মধ্যে পাকিস্তান কৌশলগতভাবে নিরপেক্ষ নয়, বিষয়টি তেহরানও বোঝে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানো পাকিস্তানের নিজস্ব নিরাপত্তার স্বার্থের সঙ্গেও জড়িত। এ কারণেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
তেহরানের পারস্য উপসাগরবিষয়ক গবেষণা গোষ্ঠীর পরিচালক জাভাদ হেইরান-নিয়া বলেন, ইরান এমন একটি ব্যবস্থাকে স্বাগত জানায়, যা ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে পারে। তবে এই জোটের একটি উদ্দেশ্য যে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা হতে পারে, সেটিও তেহরান বুঝতে পারছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও চুক্তির সীমা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। সৌদি আরবে ইরানের সরাসরি হামলা হলে জোট কী করবে, সে বিষয়ে মন্তব্য এড়িয়ে তিনি ইসরাইলকে সম্ভাব্য আঞ্চলিক হুমকি হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, ইসরাইলের পক্ষ থেকে সংঘাত বা আগ্রাসনের আশঙ্কা রয়েছে। এ কারণে দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
উমের করিমের আশঙ্কা, ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে পাকিস্তানের ওপর চাপ বাড়তে পারে। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলে রিয়াদ পাকিস্তানকে হুথিদের বিরুদ্ধে আরও স্পষ্ট সামরিক ভূমিকা নেওয়ার আহ্বান জানাতে পারে। এতে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
সব মিলিয়ে মক্কা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি করেছে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা সামরিক শক্তিতে রূপ নেবে, তা নির্ভর করবে আঞ্চলিক পরিস্থিতি, সদস্যদেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত এবং ইরান-সৌদি সম্পর্কের ওপর। যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার থাকলেও কখন, কীভাবে এবং কতটা সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সেই প্রশ্নগুলোর উত্তর এখনো অনির্ধারিত।
তথ্যসূত্র: আল-জাজিরা