দেশের সবচেয়ে বড় মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইন প্রয়োগে রাজনৈতিক সদিচ্ছা ও সৎ সাহসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শনিবার (২৭ […]
ছবি: সংগৃহীত
দেশের সবচেয়ে বড় মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়েই দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইন প্রয়োগে রাজনৈতিক সদিচ্ছা ও সৎ সাহসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদকাসক্তি এবং মাদক পাচার।
বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদীর প্রসঙ্গ টেনে বলেন, আগে মাদক পাচারের সঙ্গে বদীর নাম শোনা যেত, কিন্তু এখন তিনি আর সেই অবস্থানে নেই। তার প্রশ্ন, বর্তমানে সেই রুটের দায়িত্বে কারা রয়েছে এবং কেন এখনো ওই পথ দিয়ে মাদক প্রবেশ বন্ধ করা সম্ভব হয়নি।
গয়েশ্বর বলেন, আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না। আইন কার্যকর করতে প্রয়োজন সৎ সাহস, রাজনৈতিক সদিচ্ছা এবং দৃঢ় অবস্থান। তার মতে, মাদকবিরোধী অভিযান সফল করতে হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার অবস্থা তুলে ধরে তিনি বলেন, তার এলাকায় একটি ১০ শয্যার হাসপাতাল থাকলেও সেখানে কার্যত কোনো চিকিৎসাসেবা নেই। তিনি অভিযোগ করেন, হাসপাতালটিতে চিকিৎসক, রোগী কিংবা প্রয়োজনীয় জনবল নেই; বরং সেটি এখন মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি নির্বাচনী এলাকায় লাখ লাখ মানুষের বসবাস হলেও সেখানে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। শুধুমাত্র হাসপাতালের সাইনবোর্ড কিংবা উদ্বোধনী ফলক দিয়ে জনগণের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা।
উল্লেখ্য, আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদী বর্তমানে কারাগারে রয়েছেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ সীমান্তকে দেশের অন্যতম প্রধান মাদক প্রবেশপথ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।