যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় উদযাপনের অংশ হিসেবে আগামী আগস্টে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক সড়কে অনুষ্ঠিত হবে ‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিক্স’। এই বিশেষ ইন্ডিকার (INDYCAR) স্ট্রিট রেসকে কেন্দ্র করে প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিযোগিতাটির অনুমোদন দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় উদযাপনের অংশ হিসেবে আগামী আগস্টে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক সড়কে অনুষ্ঠিত হবে ‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিক্স’। এই বিশেষ ইন্ডিকার (INDYCAR) স্ট্রিট রেসকে কেন্দ্র করে প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিযোগিতাটির অনুমোদন দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ও ন্যাশনাল মলের আশপাশে অনুষ্ঠিত প্রথম ইন্ডিকার স্ট্রিট রেস। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি দেশটির মোটরস্পোর্টস ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা।
প্রতিযোগিতাটি আগামী ২১ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রায় ১.৭ মাইল দীর্ঘ স্ট্রিট সার্কিটটি পেনসিলভানিয়া অ্যাভিনিউ, ন্যাশনাল মল, ওয়াশিংটন মনুমেন্ট, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার পাশ দিয়ে যাবে। আয়োজকরা জানিয়েছেন, সাধারণ দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে, পাশাপাশি সীমিত সংখ্যক অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
ইন্ডিকার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের শীর্ষ ওপেন-হুইল রেসিং চালকেরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। নিরাপত্তা, দর্শকদের চলাচলের সুবিধা এবং রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করে সার্কিটের নকশা প্রস্তুত করা হয়েছে। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে ফক্স স্পোর্টস।
হোয়াইট হাউসের মতে, ‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিক্স’ হবে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ। তবে রাজধানীর ব্যস্ত সড়কে মোটর রেস আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা, যান চলাচল এবং সম্ভাব্য ব্যয় নিয়ে আলোচনা ও সমালোচনাও রয়েছে।