সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন। আর স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গৌরবোজ্জ্বল বীরগাথা। তার মতে, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো বিরোধ নেই। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, হুমায়ূন আহমেদের একটি লেখা তিনি পড়েছিলেন, যেখানে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের […]
ছবি: সংগৃহীত
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন। আর স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গৌরবোজ্জ্বল বীরগাথা। তার মতে, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো বিরোধ নেই।
শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, হুমায়ূন আহমেদের একটি লেখা তিনি পড়েছিলেন, যেখানে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বরের একটি ঘটনার বর্ণনা ছিল। ওই লেখার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের পরপরই দেশ ও সমাজে নানা ভয়াবহ ঘটনা ঘটেছিল। ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও আওয়ামী লীগের কিছু ব্যক্তি ও মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া কিছু মানুষের নানা অপকর্মের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
এসব ব্যক্তির অপকর্মের কারণে মুক্তিযুদ্ধের আদর্শ বা গুরুত্ব শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ব্যক্তির অপরাধের দায় পুরো আন্দোলনের ওপর চাপানো কতটা যুক্তিসঙ্গত।
আসিফ নজরুল আরও বলেন, গত ৮ আগস্ট একজন সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বাস প্রদর্শনের ঘটনাও অত্যন্ত অনুচিত ও গর্হিত। জুলাই গণঅভ্যুত্থানের নাম ব্যবহার করে পরবর্তী সময়ে নানা জঘন্য কাজের অভিযোগও উঠেছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে কথায় কথায় জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি মরিয়া প্রচেষ্টা দেখা যাচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাও হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আসিফ নজরুলের ভাষ্য, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ অর্জন এবং স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গৌরবোজ্জ্বল বীরগাথা। এই দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। বরং তার মতে, জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের প্রকৃত প্রত্যাশা পূরণের জন্য একটি আত্মত্যাগী সংগ্রাম।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্য বুঝতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করা সম্ভব নয়।
মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করার সমালোচনা করে আসিফ নজরুল বলেন, কেউ যদি মুক্তিযুদ্ধকে কেবল শেখ পরিবার ও আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার স্বাধীনতা হিসেবে বিবেচনা করেন, তাহলে তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও জুলাই—দুইয়েরই বিরোধিতা করছেন। আবার মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করাকেও তিনি সমালোচনা করেন।