রাজধানীর গুলশানে আবুজর শেখ (২৪) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তদন্ত শেষে প্রস্তুত করা অভিযোগপত্রে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক […]
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে আবুজর শেখ (২৪) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তদন্ত শেষে প্রস্তুত করা অভিযোগপত্রে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে আসামির তালিকায়।
এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
চার্জশিটে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলি চালানো হয়। এতে আবুজর শেখ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।
মামলায় শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে প্রমাণের ভিত্তিতে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। বর্তমানে তিনজন আসামি কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ বাকি ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
এখন আদালত চার্জশিট গ্রহণ করবেন কি না এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন।