সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:১০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ছয় মাসে ২৫ নাবিকের মৃত্যু, অক্টোবরে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি

ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। জাতিসংঘের হিসাবে, গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত ঘটনা নথিভুক্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন […]

হরমুজ প্রণালিতে ছয় মাসে ২৫ নাবিকের মৃত্যু, অক্টোবরে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। জাতিসংঘের হিসাবে, গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত ঘটনা নথিভুক্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি।

পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিতে দেওয়া যায় না।’ তিনি হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় সমুদ্রপথে নৌচলাচল পুরোপুরি পুনরুদ্ধারের আহ্বান জানান।

জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে জাহাজ-সংক্রান্ত ১৩৬টি নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত করেছে। এর মধ্যে অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা নথিভুক্ত হয়। সংঘাত শুরুর পর অক্টোবরেই এ ধরনের ঘটনার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

খিয়ারি বলেন, প্রতিদিনই সামুদ্রিক দুর্ঘটনার খবর আসছে। বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজকে কোনোভাবেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এদিকে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ’ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে আগুনের শিকার হয়েছে। সংঘাত চলাকালে এই জলপথ দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিকবার জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় চলাচলকারী আইন অমান্যকারী ট্যাংকার নৌমাইনের আঘাতে আগুনে পুড়বে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি খুলে দেওয়া হবে না। দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তি সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।

নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে খিয়ারি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিবেশ ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ। সমুদ্রপথে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। বাড়ছে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ; মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে। পাশাপাশি সার পরিবহন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ