জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মামলা বাণিজ্য বেড়েছে এবং এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে দায়িত্বে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মামলা বাণিজ্য বেড়েছে এবং এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে দায়িত্বে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শহীদ মিনারে আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে সবাই ঐক্যবদ্ধ। জুলাইয়ের যোদ্ধারা একসঙ্গে আছে। তিনি জানান, তারা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে আসেননি, বরং জুলাই আন্দোলনের কর্মী হিসেবে একত্রিত হয়েছেন।
তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। নির্বাচন কমিশনের কিছু বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, বর্তমান নির্বাচন কমিশন নৈতিকভাবে দায়িত্ব পালনের অবস্থায় নেই এবং তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে, অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। হাদির ওপর হামলার মাধ্যমে শুধু একজন ব্যক্তি নয়, পুরো বাংলাদেশই আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সমাবেশের মাধ্যমে দেশবাসী ও জুলাই আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধ—এই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আগামীকাল তারা উৎসব করতে রাস্তায় নামবেন না, বরং প্রতিরোধের জন্য রাজপথে নামবেন। তিনি সবাইকে বিজয় উৎসবের পরিবর্তে প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তার অভিযোগ, ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি এবং এর পেছনের শক্তি এখনো চিহ্নিত করা যায়নি।