ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে আটক দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ […]
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে আটক দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়াই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।