সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৯ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারির পর নতুন বাংলাদেশের সূচনা হবে: নাহিদ ইসলাম

ভোটারদের প্রতি সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা মাঠে থাকবেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না— ইনশাল্লাহ। তাঁর প্রত্যাশা, আগামী ১২ ফেব্রুয়ারির পর বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে। তিনি স্মরণ করিয়ে […]

১২ ফেব্রুয়ারির পর নতুন বাংলাদেশের সূচনা হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

ভোটারদের প্রতি সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা মাঠে থাকবেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জনগণের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না— ইনশাল্লাহ। তাঁর প্রত্যাশা, আগামী ১২ ফেব্রুয়ারির পর বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে। তিনি স্মরণ করিয়ে দেন, এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক অংশ, যা ভুলে যাওয়ার সুযোগ নেই।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটপ্রার্থী নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করা হাজারো শহীদের রক্ত, আহত যোদ্ধাদের কষ্ট এবং শহীদ পরিবারের আহাজারি মাথায় রেখেই সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের ভোট দিলে আমরা আপনাদের জন্য কাজ করব এবং সম্মিলিতভাবে একটি ন্যায্য ও মানবিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাব।

নাহিদ ইসলাম জানান, তাদের রাজনীতির লক্ষ্য হলো পরিবর্তন ও সংস্কার। দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদ থেকে মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ১১টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তনের রাজনীতিকে সুযোগ দেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে দুটি পথ খোলা থাকবে— পুরোনো রাজনৈতিক ধারা কিংবা সংস্কারভিত্তিক নতুন রাজনীতি। দেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায় বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। গত দেড় বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি উল্লেখ করে তিনি নিজেদের সীমাবদ্ধতা ও অনভিজ্ঞতার কথা স্বীকার করেন এবং জনগণের কাছে আরেকবার সুযোগ চান।

নাহিদ ইসলাম বলেন, শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নই তাদের লক্ষ্য। তাঁর হত্যার বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানের খুনিদের বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে চলমান গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে ৫ আগস্টের বিপ্লব ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকবে, তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সুনীল অর্থনীতি গড়ে তোলার কথা বলেন। দেশের ন্যায্য সমুদ্রসম্পদ জনগণের স্বার্থে ব্যবহারের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন এবং পরিবেশ দূষণ রোধে পরিবেশ কর আরোপের কথাও জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির সঙ্গে যুক্ত সব অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। তিনি অভিযোগ করেন, অতীতে নিরাপত্তা বাহিনীর একটি অংশ তথ্য গোপন ও আলামত নষ্ট করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এসব অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লুটপাটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনস্বার্থে ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে একটি পাবলিক ট্রাস্ট গঠন করে দক্ষ ব্যবস্থাপনায় সেই অর্থ পরিচালিত হবে।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যৎ সরকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। কোনো দেশের ওপর অতিনির্ভরশীলতা কমিয়ে বহুমাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। সার্ক পুনরুজ্জীবন, আসিয়ানে যোগদানের উদ্যোগ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা খাতে সংস্কারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বাহিনীর গুণগত মান বাড়ানো হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। একইসঙ্গে ১৮ বছরের ঊর্ধ্বে সব সক্ষম নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা নিশ্চিত করতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং বহুমুখী আমদানি উৎস তৈরির পরিকল্পনার কথা জানান।

পুলিশ বাহিনীর সংস্কার বিষয়ে তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে পুলিশকে ঢেলে সাজানো হবে। অতীতের গুম, খুন, নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। বাহিনীর নাম ও কাঠামো পরিবর্তনের বিষয়েও তিনি ভাবনার কথা জানান।

বিচার ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুরো বিচার বিভাগকে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত করতে ব্যাপক পুনর্গঠন প্রয়োজন। দক্ষ বিচারক নিয়োগ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং ঘুষ-দুর্নীতির সংস্কৃতি নির্মূল করাই তাদের লক্ষ্য।

স্থানীয় সরকার শক্তিশালী করার কথা উল্লেখ করে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপ এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সরকারি কর্মকর্তাদের সাধারণ পরিবহন ব্যবহারের বাধ্যবাধকতা এবং পরিবহন খাতে দুর্নীতি দমনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ভাষণের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, জনগণের সমর্থন পেলে তারা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন— এই বিশ্বাস নিয়েই তারা নির্বাচনের ময়দানে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ