শেষের পথে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ৪৮টি দল। দল ও ম্যাচের সংখ্যা বাড়ায় টুর্নামেন্ট থেকে ফিফার আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর জন্যও বাড়ানো হয়েছে অর্থ পুরস্কার। বিশ্বকাপজয়ী […]
ছবি: সংগৃহীত
শেষের পথে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ৪৮টি দল। দল ও ম্যাচের সংখ্যা বাড়ায় টুর্নামেন্ট থেকে ফিফার আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর জন্যও বাড়ানো হয়েছে অর্থ পুরস্কার।
বিশ্বকাপজয়ী দল এবার পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।
কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। শেষ ষোলোতে খেলা দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে। আর শেষ বত্রিশে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার।
এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ কোটি ৫ লাখ ডলার। এর মধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্য থাকবে ৯০ লাখ ডলার এবং প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ ডলার।
ফিফা একটি অলাভজনক সংস্থা। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় হয়েছিল প্রায় ৭৬০ কোটি ডলার। এবারের বিশ্বকাপে সেই আয় বেড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারে (১৩ বিলিয়ন ডলার) পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আয় বৃদ্ধির ধারাবাহিকতায় বাড়ানো হয়েছে বিভিন্ন ধাপের অর্থ পুরস্কারও।
২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫ কোটি ডলার, অর্থাৎ ৮০ লাখ ডলার বেশি। একইভাবে রানার্সআপ দল আগের চেয়ে ৩০ লাখ ডলার বেশি পাবে। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর পুরস্কারও আগের তুলনায় ২০ লাখ ডলার করে বৃদ্ধি করা হয়েছে।