সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫

৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল ২ হাজার ৫৮২টি, ঢাকায় সর্বাধিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বাধিক মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, […]

মনোনয়নপত্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বাধিক মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনের বিপরীতে সর্বোচ্চ ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি এবং ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনের বিপরীতে ১৪২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

সংশোধিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ