সাত দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে […]
ছবি: সংগৃহীত
সাত দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন্দ্রীয় সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে আরও জানানো হয়, গত ৪ নভেম্বর গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর বিষয়টি নিয়ে দলের রাজনৈতিক পর্ষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সদ্য যোগদানকৃত কেন্দ্রীয় সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতেই নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠনের এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কমিটি চূড়ান্ত করে কার্যক্রম শুরু করবে এনসিপি—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের শীর্ষ নেতারা।