ঘরের মাঠে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের মুখোমুখি হবে মৌরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চে ৯৬ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দল দুটি। সবশেষ ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ৩-০ গোলের জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার একই […]
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের মুখোমুখি হবে মৌরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চে ৯৬ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দল দুটি।
সবশেষ ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ৩-০ গোলের জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার একই গ্রুপে থাকা অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোর আগে ইতিবাচক শুরু করতে মুখিয়ে আছে উভয় দল।
তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে। বাছাইপর্ব খেলতে না হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রায় দুই বছর সময় পেয়েছেন কোচ মৌরিসিও পোচেত্তিনো। তবে প্রস্তুতির সময় শেষ, এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য বড় পরীক্ষা।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হারলেও তার আগে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। ফিফা র্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা দলটি এবার খেলছে নিজেদের ১২তম বিশ্বকাপ। ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। তবে সর্বশেষ তিনটি বিশ্বকাপেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মার্কিনরা।
অন্যদিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে প্যারাগুয়ে। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে তারা। কনমেবল বাছাইপর্বে ষষ্ঠ হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে গুস্তাভো আলফারোর দল।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে প্যারাগুয়ে, যার মধ্যে নিকারাগুয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ও রয়েছে। আলফারোর অধীনে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর স্মৃতিও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
তবে ইতিহাস প্যারাগুয়ের পক্ষে নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আটবারের মধ্যে মাত্র একবার জয় পেয়েছে তারা। এছাড়া আয়োজক দেশের বিপক্ষে খেলা আগের দুই ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি লা আলবিরোজারা।
দলীয় শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের ভরসা ক্রিশ্চিয়ান পুলিসিচ, ফোলারিন বালোগুন, ওয়েস্টন ম্যাককেনি ও টাইলার অ্যাডামসদের ওপর। প্রথম ম্যাচে তিন ডিফেন্ডারের রক্ষণভাগ নিয়ে মাঠে নামতে পারেন কোচ পোচেত্তিনো। অভিজ্ঞ অধিনায়ক টিম রিম থাকবেন রক্ষণভাগের নেতৃত্বে।
গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ক্রিস রিচার্ডসের খেলা এখনো নিশ্চিত নয়। ফলে মাইলস রবিনসন কিংবা মার্ক ম্যাকেঞ্জির একজন শুরুর একাদশে থাকতে পারেন। মাঝমাঠে টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি ও মালিক টিলম্যানের ওপর থাকবে বড় দায়িত্ব।
আক্রমণভাগে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে সহায়তা করবেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ। গত মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন বালোগুন।
অন্যদিকে প্যারাগুয়ের প্রধান ভরসা মিগেল আলমিরন, হুলিও এনসিসো ও টনি সানাব্রিয়া। বিশেষ করে বাছাইপর্বে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন সানাব্রিয়া।
সান্ডারল্যান্ডের সেন্টার-ব্যাক ওমর আলদেরেতে এবং অধিনায়ক গুস্তাভো গোমেজের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ নিয়ে মাঠে নামবে প্যারাগুয়ে। দলের অন্যতম সেরা ফুটবলার হুলিও এনসিসো নিকারাগুয়ার বিপক্ষে ম্যাচে হালকা চোট পেলেও এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।
আক্রমণে মিগেল আলমিরন ও দিয়েগো গোমেজের সঙ্গে একক স্ট্রাইকার হিসেবে খেলবেন টনি সানাব্রিয়া। রক্ষণভাগের দৃঢ়তা এবং সেট-পিস নির্ভর ফুটবলের জন্য পরিচিত প্যারাগুয়ে স্বাগতিকদের চমকে দিতে চাইবে।
অন্যদিকে নিজেদের সমর্থকদের সামনে জয় দিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করতে মরিয়া যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হতে যাচ্ছে দুই ভিন্ন ধারার ফুটবল দর্শনের লড়াই, যেখানে প্রথম ম্যাচের তিন পয়েন্টই দুদলের জন্য সমান গুরুত্বপূর্ণ।