ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পৃথকভাবে নির্বাচনি ভাষণ দেবেন এই দুই রাজনৈতিক নেতা। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী গত বুধবার তারেক রহমানের ভাষণের […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পৃথকভাবে নির্বাচনি ভাষণ দেবেন এই দুই রাজনৈতিক নেতা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী গত বুধবার তারেক রহমানের ভাষণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে নির্বাচনি ভাষণ দেবেন তারেক রহমান।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও একই দিন রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে বিটিভিতে রাজনৈতিক দলগুলোর প্রধানদের নির্বাচনি ভাষণ সম্প্রচারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। গত মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বিটিভিতে প্রচারণার সুযোগ সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের নির্দিষ্ট স্লট বরাদ্দের নির্দেশনা দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদন পাওয়ার ক্রমানুসারে ভাষণের স্লট নির্ধারণ করা হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের দিন-তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।