দি বাংলা ভয়েস ডেস্ক : শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা এবং বিডিআরসহ অন্যান্য বাহিনীগুলোকে দুর্বল করাই বিডিআর হত্যাকাণ্ডের প্রধান উদ্দেশ্য ছিল। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা শেষে কমিশনের কার্যালয়ে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ সন্ধ্যায় প্রধান […]
দি বাংলা ভয়েস ডেস্ক : শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা এবং বিডিআরসহ অন্যান্য বাহিনীগুলোকে দুর্বল করাই বিডিআর হত্যাকাণ্ডের প্রধান উদ্দেশ্য ছিল।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা শেষে কমিশনের কার্যালয়ে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ১১ মাস পর এই প্রতিবেদন জমা দিয়েছি। সেখানে আমরা ২৪৭ জনের সাক্ষ্য নিয়েছি। এদের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের জবানবন্দি ১৪ জন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ১০ জন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুজন, সামরিক কর্মকর্তা ১৩০ জন, অসামরিক কর্মকর্তা চারজন, পুলিশ কর্মকর্তা ২২ জন, বেসামরিক ব্যক্তিবর্গ ৯ জন, সাবেক ও বর্তমান বিডিআর বা বিজিবি সদস্য ২২ জন, কারাগারে আছেন ২৬ জন ও সাংবাদিক তিনজন। এর মধ্যে আমরা ৬০০ ঘণ্টা ভিডিও সাক্ষাৎকার ও রেকর্ডিং রিভিউ করেছি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত স্থিরচিত্র ও ছবি নিয়েছি প্রায় ৮০০টি। বিভিন্ন খবরের কাগজে প্রচারিত সংবাদ নিয়েছি প্রায় ২১৫টি, সরকারি ও বেসরকারি মোট ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ করা হয়েছে। পত্রালাপের মাধ্যমে ৯০৫টি এবং প্রতিমাসে ৮১টি চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ছয়টি তদন্ত প্রতিবেদন সেনাবহিনীকে ফেরত দেওয়া হয়েছে। জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফেরত দেওয়া হয়েছে। তৎকালীন বিডিআর পরিচালিত ৫২টি তদন্ত প্রতিবেদন বিজিবিতে ফেরত দেওয়া হয়েছে। ওয়েবসাইট বা ই-মেইল বা জবানবন্দি ভিডিও ক্লিপের মাধ্যমে ৩১৬টি বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
এসব হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড কারা ছিল— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সাহারা খাতুন, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, তৎকালীন ডিজিএফআই-এর প্রধান মেজর জেনারেল আকবর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল এবং বিডিআরসহ বাহিনীগুলোকে দুর্বল করতে চেয়েছিল।
এই ষড়যন্ত্র কতদিন ধরে চলছিল এবং পেছনে কারা জড়িত ছিল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তারা এই ষড়যন্ত্র করে আসছিল। এই বিডিআর হত্যাকাণ্ডে পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বুঝিয়েছি।
সেনা অভিযান কেন করা হয়নি— সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনের কারণে সেনা অভিযান হয়নি। জেনারেল মঈন বলেছিলেন, সেনা অভিযানে গেলে ভারত এখানে হস্তক্ষেপ করত। আমি যদি এখানে অভিযান চালানো শুরু করতাম, তাহলে ভারত এখানে ইন্টারফেয়ার করত এবং ভারত ১৯৭১ সালের মতো বাংলাদেশ থেকে তারা আর ফিরে যেত না। দুই দিনে যখন ৫৭ অফিসার নিহত হয়, তখন দেশে আর স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকে না।
বিডিআর হত্যাকাণ্ডের পর পাঁচজন সেনাবাহিনী কর্মকর্তাকে কি গুম করা হয়েছিল— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিজিএফআই-এর হেফাজতে নেওয়া হয়েছিল।
ডাল-ভাত কর্মসূচিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ডাল-ভাত কর্মসূচিকে তারা সামনে এনেছিল, কিন্তু এর পেছনে ছিল বড় ধরনের ষড়যন্ত্র। বাহিনীগুলোকে দুর্বল করার প্রচেষ্টা ও শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ঘটনা ঘটিয়েছে।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি জানান, লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল আজিজ আহমেদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তাকে প্রোমোশন দিয়ে ডিজি বিজিবি করা হয়।