ঢাকা-৯ আসনে দলীয় মনোনয়ন পেলে প্রচলিত নির্বাচনী ধারা থেকে ভিন্ন পথে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (৬ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি জানান, অর্থকেন্দ্রিক রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী প্রচারণা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাসনিম জারা বলেন, দেশে একজন সংসদ সদস্য প্রার্থী আইনি হিসেব অনুযায়ী সর্বোচ্চ […]
ঢাকা-৯ আসনে দলীয় মনোনয়ন পেলে প্রচলিত নির্বাচনী ধারা থেকে ভিন্ন পথে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
শনিবার (৬ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি জানান, অর্থকেন্দ্রিক রাজনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বচ্ছ ও সাশ্রয়ী প্রচারণা পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তাসনিম জারা বলেন, দেশে একজন সংসদ সদস্য প্রার্থী আইনি হিসেব অনুযায়ী সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারেন। কিন্তু বাস্তবে অধিকাংশ প্রার্থী বিপুল অঙ্কের টাকা খরচ করলেও তা গোপন রেখে নির্বাচন কমিশনের কাছে নামমাত্র হিসাব জমা দেন। তার দাবি, এই অসৎ শুরু থেকেই রাজনীতিতে অবিশ্বাস তৈরি হয়।
তিনি প্রতিশ্রুতি দেন, আইনসিদ্ধ ব্যয়ের বাইরে এক টাকাও খরচ করবেন না। একই সঙ্গে নির্বাচনের পূর্ব থেকেই অর্থ সংগ্রহ ও ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করে প্রচারণার স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানান তিনি।
অল্প বাজেটে নির্বাচন করা কঠিন—এমন মন্তব্য যারা করছেন, তাদের উদ্দেশে তাসনিম জারা বলেন, দল ও সাধারণ মানুষের অংশগ্রহণই এই প্রচারকে সফল করবে। এজন্য তিনি স্বেচ্ছাসেবকভিত্তিক একটি টিম গঠনের উদ্যোগ নিয়েছেন, যেখানে গ্রাফিক ডিজাইন, ভিডিও নির্মাণ, উঠান বৈঠক আয়োজন, মাঠপর্যায়ের প্রচারণা বা তহবিল সংগ্রহ—যে যেভাবে পারেন—সাহায্য করার আহ্বান জানান তিনি।
ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা), দেশের অন্য জেলা বা বিদেশে থাকলেও আগ্রহীরা একটি অনলাইন ফর্মের মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে পারবেন বলে জানান তিনি।
তাসনিম জারা বিশ্বাস করেন, স্বচ্ছতা, সততা এবং জনগণের অংশগ্রহণই রাজনীতিকে দুর্নীতি ও পেশিশক্তিনির্ভর কাঠামো থেকে মুক্ত করতে পারে। তিনি মনে করেন, জনগণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হলে দেশের জন্য অসীম সম্ভাবনার দ্বার খুলে যাবে।