ইন্টার মায়ামি যেন এক নতুন যুগে প্রবেশ করেছে লিওনেল মেসির আগমনে। এমএলএসের নীচের দিকের দল থেকে তারা পরিণত হয়েছে শিরোপা-প্রতিদ্বন্দ্বী শক্তিতে। প্রথম মৌসুমেই লিগস কাপ এনে দলের ট্রফির খাতা খুলেছিলেন মেসি। ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড জিতেও তাদের বড় কোনও শিরোপা জয়ের আক্ষেপ রয়ে গিয়েছিল। শেষে সেই অপেক্ষাও ঘুচল—ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। […]
ইন্টার মায়ামি যেন এক নতুন যুগে প্রবেশ করেছে লিওনেল মেসির আগমনে। এমএলএসের নীচের দিকের দল থেকে তারা পরিণত হয়েছে শিরোপা-প্রতিদ্বন্দ্বী শক্তিতে। প্রথম মৌসুমেই লিগস কাপ এনে দলের ট্রফির খাতা খুলেছিলেন মেসি। ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড জিতেও তাদের বড় কোনও শিরোপা জয়ের আক্ষেপ রয়ে গিয়েছিল। শেষে সেই অপেক্ষাও ঘুচল—ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে ট্রফি হাতে তুলে নেয় ডেভিড বেকহ্যামের ক্লাব। যদিও গোল পাননি মেসি, কিন্তু তার দুটি নিখুঁত অ্যাসিস্টই মায়ামির জয়ের ভিত্তি গড়ে দেয়। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচে নামা সার্জিও বুস্কেটসকে স্মরণীয় বিদায় দেওয়ারও সুযোগ পান আর্জেন্টাইন তারকা।
ম্যাচের খুব দ্রুতই, অষ্টম মিনিটে, এগিয়ে যায় মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের দুর্দান্ত সমন্বয় থেকে তৈরি আক্রমণে তাদেও আলেন্দের ক্রস ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে জালে ঢুকে যায়।
৭১তম মিনিটে প্রতিপক্ষের ভুল থেকে বল কাড়েন মেসি এবং তার চোখধাঁধানো পাস থেকে ডি পল গোল করে ব্যবধান বাড়ান।
যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক—এক অসাধারণ থ্রু-পাসে আলেন্দেকে গোলের সামনে দাঁড় করিয়ে দেন তিনি। আলেন্দের নিচু শট মায়ামির শিরোপা নিশ্চিত করে। এই টুর্নামেন্টে এটি ছিল তার রেকর্ড নবম গোল।
এই ম্যাচেই শেষবারের মতো মাঠে নামেন স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুস্কেটস। বার্সেলোনার হয়ে ইতিহাস গড়া এই মিডফিল্ডার নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়টি শেষ করলেন ট্রফি হাতে।
৩০ বছরের এমএলএস ইতিহাসে ইন্টার মায়ামি এখন ১৬তম দল হিসেবে এমএলএস কাপ জয়ের কৃতিত্ব অর্জন করল।