অ্যাশেজের এ মৌসুম ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়েই রয়ে গেছে। অস্ট্রেলিয়ার পরিবেশ, পিচ, আবহাওয়া—কিছুই যেন কাজে লাগাতে পারছে না বেন স্টোকসের দল। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টেও তাদের দুঃখের তালিকায় যোগ হলো আরেকটি বড় হার; ৮ উইকেটে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ল ইংল্যান্ড। প্রথম টেস্টেও একই ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা। ফলে ধারাবাহিক দুই জয়ে ২–০ তে এগিয়ে […]
অ্যাশেজের এ মৌসুম ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়েই রয়ে গেছে। অস্ট্রেলিয়ার পরিবেশ, পিচ, আবহাওয়া—কিছুই যেন কাজে লাগাতে পারছে না বেন স্টোকসের দল। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টেও তাদের দুঃখের তালিকায় যোগ হলো আরেকটি বড় হার; ৮ উইকেটে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ল ইংল্যান্ড। প্রথম টেস্টেও একই ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা। ফলে ধারাবাহিক দুই জয়ে ২–০ তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
মাত্র ৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল দৃষ্টিনন্দন। দুই ওপেনার দ্রুত রান তুললেও মধ্যপর্যায়ে লাবুশেন আউট হলে কিছুটা ধাক্কা লাগে। তবে স্মিথের ঠাণ্ডা মাথার ব্যাটিং ও অপ্রত্যাশিতভাবে দারুণ খেলতে থাকা জেইক ওয়েদারাল্ড ধীরে-সস্থে ম্যাচ শেষ করে আসেন। ইনিংসের দশম ওভারের শেষ বলে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মিথ।
এই জয়ে অ্যাশেজের নিয়ন্ত্রণ এখন কার্যত অজিদের হাতেই। বাকি তিন ম্যাচের মধ্যে কেবল একটি জিতলেই সিরিজ নিশ্চিত। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জিতে শেষ পর্যন্ত হারের ঘটনা একবারই ঘটেছে—সেটিও ইংল্যান্ডের ক্ষেত্রে, ১৯৩৬–৩৭ অ্যাশেজে ২–০ থেকে ৩–২ তে পরাজয়।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার জয়কে শক্ত ভিত্তি দিয়েছে তাদের নিখুঁত ফিল্ডিং ও ধারালো বোলিং। ইংল্যান্ড যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে ম্যাচের ছন্দ হারায়, সেখানে অস্ট্রেলিয়ার ফিল্ডাররা তুলে নেন ম্যাচ-বদলে দেওয়া ডাইভিং ক্যাচ। চতুর্থ দিনের সকালে স্টোকস (৫০) ও জ্যাকস (৪১) যখন জুটিতে আশা দেখাচ্ছিলেন, তখনই স্মিথ ও অ্যালেক্স ক্যারির দুটি অনন্য ক্যাচ ইংল্যান্ডের ব্যাটিং ভেঙে দেয়। বল হাতে মাইকেল নেসার ছিলেন দিনসেরা—ক্যারিয়ারের প্রথমবারের মতো নিলেন পাঁচ উইকেট।
দিনের শুরুতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৩৪/৬। স্টোকস ও জ্যাকস প্রথম সেশনে ধৈর্য ধরে খেলে সপ্তম উইকেটে ২২১ বলে ৯৬ রান যোগ করেন। কিন্তু জ্যাকসের বিদায়ের পর ইংল্যান্ডের স্কোরবোর্ড থমকে যায়; পরের ১৭ রান তুলতেই শেষ চার উইকেট হারিয়ে বসে তারা। আগের দিনও শেষ সেশনে মাত্র ৩৮ রানে ছয় উইকেট পতন দেখেছিল স্টোকসের দল।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট হাতে ছিল দাপুটে—স্কোরবোর্ডে জমা করে ৫১১ রান। ব্যাটসম্যানদের মধ্যে পাঁচজনই অর্ধশতক করেন—জেইক ওয়েদারাল্ড ৭২, লাবুশেন ৬৫, স্টিভ স্মিথ ৬১, অ্যালেক্স ক্যারি ৬৩ এবং মিচেল স্টার্ক ঝড়ো ৭৭ রান করেন।