আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে ফেরার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার জেরে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কারাগারে প্রদত্ত কিছু বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ সজীব ওয়াজেদ জয় […]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে ফেরার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার জেরে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কারাগারে প্রদত্ত কিছু বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।
বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এ অভিযোগ তোলা হয়।
শুনানিতে পলকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম. লিটন আহমেদ। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানি শেষে আইনজীবী লিটন আহমেদ সাংবাদিকদের জানান, পলক আগে নিয়মিত পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ এবং টেলিফোনে যোগাযোগের সুযোগ পেতেন। কিন্তু প্রিজনভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার পর থেকে এই সুবিধাগুলো স্থগিত করা হয়েছে। বিষয়টি ট্রাইব্যুনালকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আদেশ দেবেন বলেও আদালত উল্লেখ করেছেন।
তিনি বলেন, কারা কর্তৃপক্ষ প্রিজন্স অ্যাক্ট ও জেল কোড অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত ব্যবস্থা নিতে পারে। তবে পলকের ক্ষেত্রে আইনসঙ্গত নিয়ম মেনে চলা হচ্ছে কি না—এ বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে।
দ্য প্রিজন্স অ্যাক্ট ১৮৯৪ অনুযায়ী বন্দিরা আইনজীবী, পরিবার ও অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এই সাক্ষাৎ স্থগিত বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। একইভাবে, বন্দির আচরণ কারা শৃঙ্খলার পরিপন্থী হলে জেল কোড অনুযায়ী সুবিধা হ্রাস, একাকী আটক, অতিরিক্ত কাজ করানোসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
পলকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পরিধি সম্পর্কে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।