ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও এর নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার ও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে—এ জন্য তাদের ধন্যবাদ। আগামী ১২ […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও এর নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার ও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে—এ জন্য তাদের ধন্যবাদ। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে বলে আমরা আশা করি। কিন্তু কমিশনের নিরপেক্ষ থাকা ও সক্ষমতার জায়গায় এখনও ঘাটতি রয়েছে।”
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মীর উপর হামলার ঘটনা তাদের উদ্বেগ বাড়িয়েছে। “নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে, ঢাকায় এনসিপি নিউজ কাভার করতে গিয়ে একজন সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। বিভিন্ন জায়গায় অস্ত্রের আওয়াজও শোনা যাচ্ছে। অতীতের মতো পেশিশক্তি, টাকার প্রভাব ও গডফাদার সংস্কৃতি এবার নির্বাচনে কতটা রোধ করা যাবে তা নিয়ে সন্দেহ আছে,” বলেন তিনি।
লটারির মাধ্যমে এএসপি ও ডিসি নিয়োগের বিষয়টি অস্বচ্ছ উল্লেখ করে তিনি বলেন, “কারা নিয়োগ পাচ্ছেন তা জাতির সামনে পরিষ্কার করা হয়নি। গণভোট নিয়ে যে প্রশ্ন আছে, সে বিষয়েও আমরা এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাইনি।”
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচনে জনগণকে বলতে চাই—কোনো দলীয় গুন্ডা বা সন্ত্রাসী যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে। ভোটকেন্দ্র জনগণই পাহারা দেবে।”
একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। “বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তারা কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে। তবে এখন তাদেরকে কাজে প্রমাণ করতে হবে।”