ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রিকশায় বসা অবস্থায় দুই যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী লুৎফর রহমান জানান, জুমার […]
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রিকশায় বসা অবস্থায় দুই যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী লুৎফর রহমান জানান, জুমার নামাজের কিছুক্ষণ পর রিকশায় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় যাচ্ছিলেন হাদি। এসময় পানির ট্যাংকির দিক থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক হঠাৎ গুলি চালায়। গুলি করার পর তারা একই দিকে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ইমরান হোসেন হৃদয় বলেন, “টায়ার ব্লাস্টের মতো শব্দ শুনে দৌড়ে আসি। দেখি একজন রিকশার ভেতর গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তি তখনই চিৎকার করে সাহায্য চাইছিলেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার কিছু পর গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ঢামেকে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জরুরি বিভাগে আনার সময়ই তাঁর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। দায়িত্বপ্রাপ্ত একজন চিকিৎসক বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। অবিলম্বে সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল করা গেলেও সামগ্রিক পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর। হাদিকে আইসিইউতে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বেলা ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বক্স কালভার্ট এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি করে। পরে তারা দ্রুত পালিয়ে যায়।” পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, এই হামলা ঘটে নির্বাচনি প্রচারণার সময়।