জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর হত্যাচেষ্টায় গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ হাদির মরদেহ দেশে পৌঁছায়। পরদিন শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ […]
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর হত্যাচেষ্টায় গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ হাদির মরদেহ দেশে পৌঁছায়। পরদিন শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় মানুষের এই বিশাল সমাগম আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এবং তাঁর স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রতিবেদনে জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ শহীদ হাদির জানাজায় অংশ নেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনাম করে জানায়, কঠোর নিরাপত্তার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিহত যুব নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়া জানাজা ও দাফনের সরাসরি আপডেট প্রকাশ করে। তাদের প্রতিবেদনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “তুমি কখনো হারিয়ে যাবে না।” একই সঙ্গে জানাজায় জনস্রোতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করে জানায়, “তার রক্ত বৃথা যাবে না—হাদির জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের অঙ্গীকার।” তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড জানায়, নিহত বাংলাদেশি ছাত্রনেতার শোকে ঢাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।
এ ছাড়া ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হয়ে নিহত শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে। আরব নিউজ জানায়, নিহত বাংলাদেশি ছাত্রনেতার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমের এসব প্রতিবেদনে শহীদ শরিফ ওসমান হাদির প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগময় বিদায়ের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।