প্রায় ১৭ বছর দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার এই প্রত্যাবর্তন দেশীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এ ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতাদের মধ্যে […]
প্রায় ১৭ বছর দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার এই প্রত্যাবর্তন দেশীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এ ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতাদের মধ্যে তারেক রহমান অন্যতম। দীর্ঘ সময় পর তার দেশে ফেরা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে দলটি আশা করছে। প্রতিবেদনে তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সুরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর বিএনপির শীর্ষ এই নেতা ঢাকায় ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই দেশের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে তারেক রহমান অন্যতম এবং রাজধানীতে তাকে বিপুলসংখ্যক সমর্থক স্বাগত জানান।
অন্যদিকে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে দেশের বাইরে অবস্থান করা তারেক রহমান এমন এক সময়ে দেশে ফিরলেন, যখন বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রতিবেদনে তাকে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদারদের একজন হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে দেশে ফিরে তারেক রহমান যেকোনো ধরনের উসকানির মুখে সংযম ও শান্ত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।