সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:১৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

জোটের প্রার্থী যেই হোক, সবাই মিলে তার পক্ষেই কাজ করব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পক্ষ থেকে যে প্রার্থীই চূড়ান্ত হোক না কেন, তাঁর পক্ষে এনসিপির সব নেতা–কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের স্বার্থ ও চলমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। […]

জোটের প্রার্থী যেই হোক, সবাই মিলে তার পক্ষেই কাজ করব: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পক্ষ থেকে যে প্রার্থীই চূড়ান্ত হোক না কেন, তাঁর পক্ষে এনসিপির সব নেতা–কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের স্বার্থ ও চলমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেটিই চূড়ান্ত তালিকা নয়। ভুলত্রুটি সংশোধনসহ নানা বিষয় মাথায় রেখে অতিরিক্ত কিছু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এনসিপির চূড়ান্ত প্রার্থীর সংখ্যা স্পষ্ট হবে।

নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামীসহ ১১–দলীয় নির্বাচনী জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতেই এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী মনোনীত করা হলেও আলোচনার মাধ্যমে সেই সংখ্যা কম–বেশি হতে পারে।

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক মনোনয়ন পাওয়া কেউ কেউ চূড়ান্ত তালিকায় না থাকলেও সেটিকে দলীয় সিদ্ধান্ত হিসেবেই মেনে নিতে হবে। তিনি বলেন, “এনসিপির নেতা–কর্মীরা এবং সহযোগী সংগঠনগুলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে। পাশাপাশি জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী হবেন, তাঁর জন্য সবাই একযোগে মাঠে নামবে। ব্যক্তিগত ত্যাগ দল ভবিষ্যতে অবশ্যই মূল্যায়ন করবে।”

সংবাদ সম্মেলনেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এনসিপিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে আসিফ মাহমুদের যোগদান এনসিপির জন্য ঐতিহাসিক। তাঁর যুক্ত হওয়া দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ জানান, আসিফ মাহমুদ এখন থেকে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাঁকে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য করা হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না। বরং জুলাই গণ–অভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে পৌঁছে দিতে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের সহযোদ্ধাদের বড় সংখ্যায় সংসদে যেতে সহায়তা করতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, কোনো সহিংসতা ছাড়াই বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা নিয়েই তিনি কাজ করে যেতে চান। পাশাপাশি নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংস্কারের পক্ষে এই ভোট বাংলাদেশকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ