বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই গুরুতর অর্থ কেলেঙ্কারির অভিযোগে গভীর সংকটে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল প্রশাসন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ ঘিরে দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয় ২০২৪ সালের মার্চে, যখন সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই গুরুতর অর্থ কেলেঙ্কারির অভিযোগে গভীর সংকটে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল প্রশাসন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ ঘিরে দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত হয় ২০২৪ সালের মার্চে, যখন সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি রহস্যজনক পোস্ট দেন। ওই পোস্টে তিনি বুয়েনস এইরেসের উপকণ্ঠে পিলার এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের ইঙ্গিত দেন। তেভেজ দাবি করেন, ওই এলাকায় এএফএ-এর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর নিয়মিত যাতায়াত রয়েছে এবং সেখানে অর্থভর্তি ব্যাগ পুঁতে রাখা ও বিলাসবহুল অ্যান্টিক গাড়ির সংগ্রহ রয়েছে।
তেভেজের পোস্টের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে প্রগতিশীল রাজনৈতিক দল কোলাসিওন সিভিকা। তারা পিলারে অবস্থিত একটি বিলাসবহুল ভিলাকে কেন্দ্র করে ফৌজদারি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ওই ভিলাটি অর্থ পাচারের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
গত ডিসেম্বরের শুরুতে অর্থ পাচার তদন্তের অংশ হিসেবে আর্জেন্টিনার পুলিশ এএফএ সদর দপ্তরসহ এক ডজনের বেশি ফুটবল ক্লাবে অভিযান চালায়। সেখানে ক্লাবগুলোর আর্থিক লেনদেন এবং একটি আর্থিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অর্থপ্রবাহ খতিয়ে দেখা হয়।
এর তিন দিন পর পিলারের ওই ভিলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি হেলিপোর্ট, আস্তাবল এবং ফেরারি ও পোরশেসহ মোট ৫৪টি বিলাসবহুল ও সংগ্রহযোগ্য গাড়ির সন্ধান পাওয়া যায়। কোলাসিওন সিভিকার অভিযোগে বলা হয়েছে, এই সম্পত্তি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনোর সঙ্গে সংশ্লিষ্ট একটি অর্থ পাচার চক্র আড়াল করতে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে গত সপ্তাহে আর্জেন্টিনার কৌঁসুলিরা তাপিয়া, তোভিগিনো এবং আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা কর কর্তৃপক্ষের মামলা চলাকালে প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার অবৈধভাবে গোপন করার চেষ্টা করেছেন। দেশটির প্রভাবশালী দৈনিক লা নাসিওন এ তথ্য জানিয়েছে।
রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে এএফএ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সংস্থাটি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এক বিবৃতিতে এএফএ দাবি করেছে, প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চাপ সৃষ্টি করছে। বিবৃতিতে বলা হয়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী অলাভজনক ফুটবল ক্লাবগুলোকে লাভজনক বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরের সরকারি উদ্যোগের বিরোধিতা করায় এএফএ আক্রমণের শিকার হচ্ছে। বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা ‘সঠিক পথেই রয়েছে’।
তেভেজের পোস্টের কয়েক মাস পর কোলাসিওন সিভিকার পিলার শাখার সভাপতি মাতিয়াস যোফে রয়টার্সকে জানান, তাঁরা ভিলাটিতে কর্মরত প্রায় ১০ জন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। তাঁদের ধারণা অনুযায়ী, ভিলাটির প্রকৃত মালিক তোভিগিনো অথবা তাপিয়া। এক কর্মচারীর বরাতে যোফে জানান, একবার তাপিয়া হেলিকপ্টারে করে সেখানে এসে কর্মীদের ফুটবল জার্সি উপহার দেন এবং মালিকের মতো আচরণ করেন।
অভিযোগে আরও বলা হয়, সম্পত্তিটি ২০২৪ সালে একটি কোম্পানির মাধ্যমে কেনা হয়, যার মালিকানা ছিল আনা লুসিয়া কনটে ও তাঁর ছেলে লুসিয়ানো নিকোলাস পান্টানোর নামে। অভিযোগকারীদের দাবি, এই মা–ছেলের পক্ষে এমন ব্যয়বহুল সম্পত্তি কেনা বাস্তবসম্মত নয়। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, ভিলাটির ক্রয়মূল্য ছিল ১৮ লাখ ডলার, যদিও বিশেষজ্ঞদের মতে এর প্রকৃত মূল্য আরও বেশি।
আদালতের নথি অনুযায়ী, অভিযানের সময় একটি কালো চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়, যার ওপর এএফএ-এর লোগো এবং তোভিগিনোর নাম ছিল। পাশাপাশি ফুটবল–সম্পর্কিত বই ও তোভিগিনোকে সম্মান জানিয়ে দেওয়া একটি ফলকও পাওয়া গেছে।
এদিকে আর্জেন্টিনার বিচার মন্ত্রণালয় এএফএ ও সুপারলিগের কাছে ২০১৭ সাল থেকে প্রায় ৫০ কোটি ডলারের আর্থিক হিসাবের ব্যাখ্যা চেয়েছে। মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল ড্যানিয়েল ভিটোলো রয়টার্সকে বলেন, ‘যদি সবকিছু নিয়ম অনুযায়ী হয়ে থাকে, তাহলে এই হিসাব ব্যাখ্যা দিতে এত দেরি হওয়ার কথা নয়।’
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিচারিক জটিলতা আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণে সরাসরি প্রভাব ফেলবে না। ক্রীড়া আইনজীবী এলান ওয়াইল্ডার বলেন, ‘মেসিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য কেউ বহন করতে পারবে না।’
মাঠে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার পারফরম্যান্স স্থিতিশীল থাকলেও মাঠের বাইরে এএফএ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। ক্রীড়া সাংবাদিক নেস্টর সেন্ট্রা বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলে যেন দুটি এএফএ রয়েছে—একটি আন্তর্জাতিক সাফল্যের, আরেকটি দেশের ভেতরের বিশৃঙ্খলার প্রতিচ্ছবি।’