জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—জুলাইকে আমরা কখনো ভুলে যাব না।” রোববার রাজধানীর মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—জুলাইকে আমরা কখনো ভুলে যাব না।”
রোববার রাজধানীর মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যেভাবে শহীদ পরিবার ও আহতদের পাশে রাষ্ট্র ও রাজনৈতিক শক্তিগুলোর দাঁড়ানো উচিত ছিল, সে জায়গায় সরকারসহ সবাই ব্যর্থ হয়েছে। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি অন্তত ৮০০ শহীদ পরিবারের সঙ্গে সরাসরি একান্ত সাক্ষাৎ করতে চান এবং প্রত্যেক শহীদের কবর জিয়ারত করার ইচ্ছা রয়েছে।
সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আতিকুর রহমানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সাঈদনগর সাঈদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। গণসংযোগকালে তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট ও গ্যাস সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি শাপলা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটের মাঠে ১১ দলীয় জোটকে ঘিরে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জনগণ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে নয়, বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। নির্বাচন পর্যন্ত জোট ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে সীমিত সময়ের মধ্যেও সাধারণ মানুষের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।