ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ কীভাবে চলবে এবং ক্ষমতার জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে—এই সিদ্ধান্ত জনগণই নেবে। মঙ্গলবার ঢাকার বাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে […]
ছবি: সংগৃহীত
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ কীভাবে চলবে এবং ক্ষমতার জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে—এই সিদ্ধান্ত জনগণই নেবে।
মঙ্গলবার ঢাকার বাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে।
তিনি জানান, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের পথ সুগম হবে।
নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ২০ থেকে ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে এবং সংবিধানে কী ধরনের মৌলিক পরিবর্তন আসবে। জনগণের রায়ের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা ও সংবিধানের কাঠামোগত সংস্কার চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, তিনি সরকার ব্যবস্থাকে ভেতর থেকে দেখেছেন এবং দেশের দুর্নীতির মূল কারণ ও দুর্বল জায়গাগুলো সম্পর্কে অবগত। ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন, দখলদারিত্বের অবসান এবং বৈষম্য দূর করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে সেই প্রত্যাশা বাস্তবায়ন এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতেও জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব পালন করে যাবেন।