পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিছুটা স্থবির অবস্থায় রয়েছে, তবে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ও মসৃণ হয়ে উঠবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় […]
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিছুটা স্থবির অবস্থায় রয়েছে, তবে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ও মসৃণ হয়ে উঠবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা সবসময়ই নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় দেশের স্বার্থ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের ভেতরে কোনো ধরনের মতভেদ নেই।
তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে কিছুটা থমকে আছে। এ অবস্থাকে তিনি বড় কোনো সংকট হিসেবে দেখেন না; বরং এটিকে অগ্রগতিহীন একটি সময়কাল হিসেবে ব্যাখ্যা করেন।
উপদেষ্টা আরও বলেন, দুই দেশের জাতীয় স্বার্থ নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই এই স্থবিরতা তৈরি হয়েছে। প্রত্যেক দেশই নিজ নিজ স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যা সবসময় একে অপরের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়নি।
এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো অমীমাংসিত বিষয় রেখে যাচ্ছে না; বরং সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু এগিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে সক্রিয়ভাবে আলোচনায় যুক্ত রয়েছে, যার ফলশ্রুতিতে শুল্কহার কমে ২০ শতাংশে নেমে এসেছে।
তিনি আরও জানান, ভারত ও পাকিস্তানের জন্য শুল্কহার ১৮ শতাংশ নির্ধারিত রয়েছে এবং বাংলাদেশও একই হারে শুল্ক নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের শুল্কহ্রাস অর্জিত হলে আগামী সরকারের জন্য একটি বড় কাজ আগেভাগেই সম্পন্ন হবে বলে তিনি মন্তব্য করেন।
আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাপান ও অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হঠাৎ শুরু হয়নি; বরং এক থেকে দেড় বছর আগে শুরু হওয়া উদ্যোগগুলোর ফল হিসেবেই এসব আলোচনা এখন এগিয়ে এসেছে। এর মধ্যে কয়েকটি আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, এসব চুক্তি স্বাক্ষরিত হলে একটি সুস্পষ্ট কাঠামো তৈরি হবে, যা ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত সরকারকে আরও সুশৃঙ্খল ও মসৃণভাবে কাজ এগিয়ে নিতে সহায়তা করবে।
মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।