নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়পর্বে তার ওপর বড় দায়িত্ব অর্পিত হয়েছে, যা নিজের সামর্থ্য অনুযায়ী নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব এসেছে। ইনশাল্লাহ, যথাসাধ্য এই দায়িত্ব বহনের চেষ্টা করব।’ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের […]
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়পর্বে তার ওপর বড় দায়িত্ব অর্পিত হয়েছে, যা নিজের সামর্থ্য অনুযায়ী নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব এসেছে। ইনশাল্লাহ, যথাসাধ্য এই দায়িত্ব বহনের চেষ্টা করব।’
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। পরে দুপুর সোয়া ১টার দিকে তিনি সচিবালয়ের নতুন ভবন-১ এ গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে নাসিমুল গনি বলেন, দেশের এই সংকটকালীন সন্ধিক্ষণে দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, ‘আগেও যেমন কাজ করেছি, আগামীতেও তেমনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।’
তিনি জানান, তিনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে এই দায়িত্ব পাওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই সময়ে দায়িত্ব নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষের কল্যাণে যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জিং।’
নতুন মন্ত্রিসভা গঠন ও শপথ অনুষ্ঠান নিয়ে নাসিমুল গনি জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের দুটি ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, এরপর সংবিধান সংস্কার কার্যক্রম সংশ্লিষ্ট শপথ অনুষ্ঠিত হবে। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয়। এর মধ্যে রয়েছে সরকারি গাড়ি, নিরাপত্তা, বাসস্থান, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ সার্বিক লজিস্টিক সাপোর্ট। এসব বিষয় সমন্বয় করাই মন্ত্রিপরিষদ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নাসিমুল গনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখার সুযোগ নেই। আমরা সব সময়ই সর্বোচ্চ প্রস্তুতির মধ্যেই কাজ করি।’