বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের–এর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া শহীদ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এ আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রসিকিউটর তামিম জানান, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী শরিফ […]
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের–এর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া শহীদ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করেছে প্রসিকিউশন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এ আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
প্রসিকিউটর তামিম জানান, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী শরিফ ওসমান হাদি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিকে আনুষ্ঠানিক সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনাল-২–এ শিগগিরই শুনানি অনুষ্ঠিত হবে।
এই মামলায় ওবায়দুল কাদেরসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং বর্তমানে পলাতক রয়েছেন।
অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এদিকে, গত মঙ্গলবার মামলাটিতে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে শহীদ আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক আদালতে জবানবন্দি দেন। সময় স্বল্পতার কারণে তাঁর সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আজ বাকি অংশ গ্রহণ করার কথা রয়েছে।
এর আগে, গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-২ বিচার শুরুর নির্দেশ দেন। ১৮ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। পলাতক আসামিদের পক্ষে ৮ জানুয়ারি দুইজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আদালত আমলে নেয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই–আগস্টে আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। তারা নেতাকর্মীদের রাজপথে নামিয়ে সহিংস প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং একাধিক বৈঠকে দমন-পীড়নের পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর নিপীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণেও ভূমিকা রাখেন তারা। এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।