একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির শোক, সংগ্রাম ও গৌরবের অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা বহু তরুণের আত্মত্যাগ রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। সেই আত্মদানের পথ ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও জাতীয় চেতনা। সময়ের পরিক্রমায় এই দিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত […]
ছবি: সংগৃহীত
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির শোক, সংগ্রাম ও গৌরবের অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা বহু তরুণের আত্মত্যাগ রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। সেই আত্মদানের পথ ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষাগত অধিকার ও জাতীয় চেতনা। সময়ের পরিক্রমায় এই দিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুরু হয় প্রতিবাদের আন্দোলন, যার প্রাণকেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামলে পুলিশ গুলি চালায়। এতে কয়েকজন তরুণ শহীদ হন। সেই রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন নতুন গতি পায়, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়।
একুশের চেতনা কেবল ভাষার দাবিতেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক অধিকার ও গণতান্ত্রিক চেতনার ভিত্তি স্থাপন করেছে। তবে বর্তমান সময়ে বাংলা ভাষার ব্যবহার, চর্চা ও বিকাশ নিয়ে গবেষক ও ভাষাবিদদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে উচ্চশিক্ষা, প্রশাসন ও পেশাজীবী ক্ষেত্রে ইংরেজিনির্ভরতা এবং মেধাবীদের দেশত্যাগের প্রবণতা ভাষার স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে বলে মত তাঁদের।
বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, উচ্চশিক্ষিত ও দক্ষ মানুষের দেশত্যাগ কেবল অর্থনৈতিক ক্ষতিই নয়, ভাষা ও সংস্কৃতির জন্যও বড় হুমকি। রাষ্ট্র পরিচালনা, বিচারব্যবস্থা, উচ্চশিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলার ব্যবহার বাড়াতে না পারলে ভাষার প্রকৃত বিকাশ সম্ভব নয়।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়—দৈনন্দিন জীবনের সব স্তরে বাংলার যথাযথ প্রয়োগ নিশ্চিত করলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান রক্ষা হবে।