বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছে। অবশেষে বুধবার বিকেলে দেশে ফেরার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে আসে। মাসখানেক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানায় বসে পুলিশের এক কর্মকর্তাকে প্রকাশ্যে […]
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছে। অবশেষে বুধবার বিকেলে দেশে ফেরার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে আসে।
মাসখানেক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানায় বসে পুলিশের এক কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় মাহদী হাসানকে। ভিডিওতে তিনি বানিয়াচং থানা পোড়ানো এবং এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবিও করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জানুয়ারিতে তাকে আটক করা হয়। পরে সমর্থকদের বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এরই মধ্যে সম্প্রতি পর্তুগালের ভিসার জন্য দিল্লিতে যান মাহদী হাসান। সেখানে একটি ভিসা প্রসেসিং সেন্টারে অবস্থানকালে কেউ তাকে শনাক্ত করে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে।
কনট প্লেসে প্রথম শনাক্ত
মঙ্গলবার সকালে দিল্লির কনট প্লেস এলাকায় একটি বেসরকারি ভিসা প্রসেসিং সেন্টারে তাকে প্রথম শনাক্ত করা হয়। সঙ্গে ছিলেন এক নারী আত্মীয়। সেখানে অপেক্ষার সময় কেউ গোপনে ভিডিও ধারণ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, সকাল ১১টার দিকে বিষয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে। এরপরই তার মোবাইলে ভারত ও বাংলাদেশ থেকে একের পর এক অজানা নম্বরের ফোন আসতে শুরু করে। এতে তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
ভিসা সেন্টার থেকে বেরিয়ে তিনি প্রথমে পুরান দিল্লির জামা মসজিদ এলাকায় যান। পরে আশ্রয়ের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরলেও কেউ তাকে থাকতে রাজি হয়নি।
নজরদারি ও হোটেল পরিবর্তন
পরিস্থিতি আঁচ করতে পেরে তাকে পাহাড়গঞ্জ এলাকার হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছে অন্য একটি হোটেলে চলে যেতে পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সেখানে ওঠেন। রাতেই তার জন্য দিল্লি থেকে ঢাকাগামী বিমানের টিকিট সংগ্রহ করা হয়।
একই সময় ভারতীয় কর্তৃপক্ষ তার ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করে। রাতেই ভিসা বাতিল করা হলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে তাকে জানানো হয়নি।
বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
বুধবার সকাল ৮টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। নিরাপত্তা চেকিংয়ের সময় তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় আধঘণ্টা ধরে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা শান্তভাবে তাকে প্রশ্ন করেন। সূত্র জানায়, এ সময় কোনো শারীরিক নির্যাতন করা হয়নি।
ভারতীয় কর্মকর্তারা মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেন—
১) ভারতের বিরুদ্ধে তার অতীত বক্তব্য,
২) পুলিশের এক কর্মকর্তাকে হত্যার প্রকাশ্য দাবি,
৩) সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কর্মকর্তাকে হত্যার দাবির বিষয়টি।
এই প্রেক্ষাপটে তাকে ভারতে অবস্থান অব্যাহত রাখার অনুপযুক্ত বলে বিবেচনা করা হয় এবং দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
দেশে ফিরে কী বললেন মাহদী
বুধবার বিকেলে ঢাকায় ফেরার পর সাংবাদিকদের প্রশ্নে মাহদী হাসান বলেন, তাকে দিল্লিতে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তার দাবি, একজন বিদেশি নাগরিক হিসেবে যে নিরাপত্তা পাওয়ার কথা, তা তিনি পাননি।
তিনি ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব সম্পূর্ণ গুজব। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও তাকে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় বলে জানান।
তদন্ত অব্যাহত
ঘটনাটি ঘিরে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পুরো বিষয়টি এখনো পর্যবেক্ষণাধীন এবং প্রয়োজন হলে আরও তদন্ত হতে পারে।