জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদী প্রভাব সম্পূর্ণভাবে অপসারণের ঘোষণা দিয়েছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)। সংগঠনটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাংবাদিকসহ […]
ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদী প্রভাব সম্পূর্ণভাবে অপসারণের ঘোষণা দিয়েছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ)। সংগঠনটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা নস্যাৎ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাংবাদিকসহ দেড় হাজারের বেশি ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে সাংবাদিক পরিচয়ধারী একটি গোষ্ঠী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মহান শহিদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়ে কিছু ব্যক্তি সচেতনভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।
প্রেসক্লাব দখলের অপচেষ্টার অভিযোগ
জেআরজেএ’র সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী অভিযোগ করেন, শনিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ব্যানারে কিছু ব্যক্তি মুজিববাদী স্লোগান দিয়ে জাতীয় প্রেসক্লাব দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মাটি থেকে মুজিববাদের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন সেই আদর্শকে পুনরুজ্জীবিত করে আবারও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করার অভিযোগ
ইসরাফিল ফরাজী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে, সেটিকে দুর্বল করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। এই চেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি জানান, যারা শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের অনেকে গণহত্যা মামলার আসামি। এসব ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান
জেআরজেএ জাতীয় প্রেসক্লাবের সভাপতির প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যারা প্রেসক্লাবের ভেতরে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের সদস্যপদ বাতিল করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে কোনো খুনের আসামি বা গণহত্যায় জড়িত কাউকে দেখতে চায় না সংগঠনটি।
ঐক্যের ডাক
জেআরজেএ জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির মধ্যে ঐক্য বজায় রেখে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগঠনটি সক্রিয়ভাবে পাশে থাকবে বলেও ঘোষণা দেয়।