নিউইয়র্ক সিটিতে আবারও বড় ধরনের শীতকালীন ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত শহরে সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, রোববার সন্ধ্যার পর তুষারপাত শুরু হয়ে গভীর রাত পর্যন্ত তীব্র […]
নিউইয়র্ক সিটিতে আবারও বড় ধরনের শীতকালীন ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত শহরে সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, রোববার সন্ধ্যার পর তুষারপাত শুরু হয়ে গভীর রাত পর্যন্ত তীব্র আকার ধারণ করতে পারে। পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক সিটি এলাকায় মোট ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মাইল বেগে দমকা হাওয়া বইতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
রোববার সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রোববার গভীর রাতে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার সকাল ১১টার দিকে ধীরে ধীরে তুষারপাত কমে আসতে পারে।
সম্ভাব্য ঝড়ের প্রভাব বিবেচনায় নিয়ে জাতীয় আবহাওয়া বিভাগ সোমবার বিকেল পর্যন্ত কার্যকর একটি ‘উইন্টার স্টর্ম ওয়াচ’ জারি করেছে। আবহাওয়াবিদরা রোববার রাতের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে অনুরোধ করেছেন।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, রোববার ও সোমবার সকালের যাতায়াত পরিকল্পনা এবং দৈনন্দিন কাজের সময়সূচিতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চললে তুষার অপসারণকারী কর্মীরা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। জরুরি প্রয়োজনে গণপরিবহন ব্যবহারের পাশাপাশি সম্ভাব্য বিলম্বের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবারের পূর্বাভাসে শহরে মাত্র ১ থেকে ২ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনার কথা বলা হলেও সর্বশেষ আপডেটে সম্ভাব্য তুষারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
এদিকে অ্যাকুওয়েদারের ফোরকাস্টিং অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ডিপডউইন বলেন, ঝড়ের সঠিক গতিপথ এবং কত দ্রুত এটি শক্তিশালী হয়, তার ওপরই নির্ভর করবে মিড-আটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলে তুষারপাতের পরিমাণ। পর্যাপ্ত ঠান্ডা বাতাসের সরবরাহ সীমিত থাকাও মোট তুষারপাতের ওপর প্রভাব ফেলতে পারে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে নিউইয়র্কবাসীকে তীব্র শীত ও ভারী তুষারপাতের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।