দেশের প্রতিটি বড় রাজনৈতিক ও সামাজিক সংকটে শিক্ষার্থীরাই রাষ্ট্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় ছাত্রসমাজকে সামনে রাখা হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশে নতুন […]
ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি বড় রাজনৈতিক ও সামাজিক সংকটে শিক্ষার্থীরাই রাষ্ট্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় ছাত্রসমাজকে সামনে রাখা হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেওয়া হবে না—স্বৈরাচার কায়েম করতে হলে আমাদের জীবনের ওপর দিয়েই তা করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়—১৯৬৯, ১৯৯০ কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান, প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রসমাজ। কিন্তু আন্দোলনের পর তাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় বারবার হতাশা তৈরি হয়েছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর যেমন ছাত্রদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও একই চিত্র দেখা যাচ্ছে।
বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অপসারণ করা হয়েছে। বিচার কার্যক্রমে নানা ধরনের চাপ ও হস্তক্ষেপের খবর আসছে। স্বেচ্ছায় সাক্ষ্য দিতে আগ্রহী ব্যক্তিদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, জনরোষ ও বিশৃঙ্খলার মধ্যে আগের গভর্নরকে সরিয়ে দিয়ে বিতর্কিতভাবে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যা আর্থিক খাতের জন্য উদ্বেগজনক।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোটের রায় উপেক্ষা করে নির্বাচনি প্রকৌশলের মাধ্যমে ফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। সংসদে দুই-তৃতীয়াংশ আসনের নিয়ন্ত্রণ ব্যবহার করে আইন ও বিচারব্যবস্থাকে নিজেদের মতো সাজানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ যেভাবে বিরোধী দল ও মতকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তবে দেশে নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা হলে ছাত্রসমাজ ও জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।