চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে দাবি করে ‘জুলাই ঐক্য’ বলেছে, সরকার যদি বলপ্রয়োগ বা বিদেশি সহায়তায় পুনরায় ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করে, তবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তারা আবারও আন্দোলনের পথে নামবে। মঙ্গলবার গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী সংগঠনটির পক্ষ থেকে সংগঠক মুন্সি বুরহান মাহমুদের পাঠানো এক বিবৃতিতে এ বক্তব্য জানানো হয়। বিবৃতিতে […]
ছবি: সংগৃহীত
চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে দাবি করে ‘জুলাই ঐক্য’ বলেছে, সরকার যদি বলপ্রয়োগ বা বিদেশি সহায়তায় পুনরায় ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করে, তবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তারা আবারও আন্দোলনের পথে নামবে।
মঙ্গলবার গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী সংগঠনটির পক্ষ থেকে সংগঠক মুন্সি বুরহান মাহমুদের পাঠানো এক বিবৃতিতে এ বক্তব্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সেই আন্দোলনের অর্জনকে খাটো বা অস্বীকারের চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়। বর্তমান সরকারি দল বিএনপিকে উদ্দেশ করে সংগঠনটি সতর্কবার্তা দিয়ে বলে, আইনি কৌশলের মাধ্যমে জুলাইয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
জুলাই ঐক্যের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিতের আবেদন জানিয়ে যে রিট করা হয়েছে, সেখানে জুলাই সনদ, গণভোট, অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে। তারা এ পদক্ষেপকে ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’র শামিল বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, রিটের পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ও তুলে ধরা হয়। সংগঠনটির ভাষ্য, সরকার একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও অন্যদিকে আদালতের মাধ্যমে তা স্থগিতের পরিবেশ তৈরি করছে, যা দ্বিচারিতা।
এছাড়া সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, দুদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক হস্তক্ষেপের সমালোচনা করে সংগঠনটি বলেছে, এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলবে।
জুলাই ঐক্য সরকারের প্রতি কয়েকটি দাবি জানিয়ে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছে। সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ এবং আন্দোলনে নিহতদের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
বিবৃতির শেষে সংগঠনটি বলে, জুলাই আন্দোলনের অর্জন অক্ষুণ্ন রাখতে তারা প্রস্তুত রয়েছে এবং জনগণের অধিকার রক্ষায় প্রয়োজন হলে কঠোর কর্মসূচিতে যাবে।