জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, যা দেশের মানুষের কাছে ইতিবাচক বার্তা দেয়নি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, যা দেশের মানুষের কাছে ইতিবাচক বার্তা দেয়নি।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার হওয়ার কথা বিরোধী দল থেকে। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার করা হয়েছে বিএনপির কায়সার কামাল–কে। তার দাবি, স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন সাবেক সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে বিএনপি স্বৈরাচারী সরকারের ধারাবাহিকতার মধ্য দিয়েই কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি। এসব বিষয় উপেক্ষা করে সরকার যদি রাজনীতি করতে চায়, তাহলে তা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতার মোহে পড়ে স্বৈরাচারী পথে হাঁটতে চায়, তাহলে জনগণ ও বিরোধী দল একসঙ্গে তা প্রতিরোধ করবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু হলেও পরে কিছু আসনে পরিকল্পিতভাবে নির্বাচন প্রকৌশল করা হয়েছে বলে তাদের অভিযোগ। তার দাবি, সব আসনে না হলেও কিছু নির্দিষ্ট আসনে এমন ঘটনা ঘটেছে, যার ফলে ফলাফলে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনায় প্রভাব ফেলেছেন এবং পোলিং এজেন্টদের অর্থ দিয়ে প্রভাবিত করেছেন। কোথাও কোথাও প্রশাসনকেও প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সারজিস বলেন, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা প্রতিরোধের পাশাপাশি প্রতিহত করা হবে। তিনি জানান, ১১ দলীয় জোট স্থানীয় নির্বাচনে এককভাবে বা জোটগতভাবে অংশ নিলেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে থাকবে।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েও বিএনপির সমালোচনা করেন তিনি।