নিউইয়র্ক সিটির সবচেয়ে অবহেলাকারী বাড়িওয়ালাদের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে ভাড়াটিয়াদের জীবনমান উন্নত করার পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এ লক্ষ্যে সিটি কাউন্সিলে একটি নতুন আইনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা পাস হলে নগর কর্তৃপক্ষ সমস্যাগ্রস্ত ভবন বাজেয়াপ্ত করার আইনি সুযোগ পেতে পারে। সম্প্রতি New York City Council–এ অনুষ্ঠিত এক শুনানিতে এই আইন নিয়ে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির সবচেয়ে অবহেলাকারী বাড়িওয়ালাদের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে ভাড়াটিয়াদের জীবনমান উন্নত করার পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। এ লক্ষ্যে সিটি কাউন্সিলে একটি নতুন আইনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা পাস হলে নগর কর্তৃপক্ষ সমস্যাগ্রস্ত ভবন বাজেয়াপ্ত করার আইনি সুযোগ পেতে পারে।
সম্প্রতি New York City Council–এ অনুষ্ঠিত এক শুনানিতে এই আইন নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত আইনের মাধ্যমে শহরের আবাসন সংস্থা New York City Department of Housing Preservation and Development গুরুতর আবাসন বিধি লঙ্ঘন, বকেয়া কর ও জরিমানায় জর্জরিত ভবন বাজেয়াপ্ত করে সেগুলো নতুন ও দায়িত্বশীল মালিকদের কাছে হস্তান্তর করতে পারবে।
এর আগে “তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর” নামে একটি কর্মসূচি চালু থাকলেও ২০১৯ সালে তা বন্ধ করে দেওয়া হয়। তদন্তে দেখা গিয়েছিল, অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ও স্বল্প আয়ের সংখ্যালঘু মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ ছাড়াই বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।
ব্রঙ্কসের ডেমোক্র্যাট কাউন্সিল সদস্য পিয়েরিনা সানচেজ, যিনি সিটি কাউন্সিলের আবাসন কমিটির চেয়ারম্যান, বলেন—এই ধরনের কর্মসূচির বিকল্প না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের নানা সমস্যা অমীমাংসিত থেকে গেছে। তাঁর মতে, যারা অবহেলার মাধ্যমে মানুষকে বিপজ্জনক পরিবেশে থাকতে বাধ্য করেন, তাদের সেই সম্পত্তির মালিক থাকার অধিকার থাকা উচিত নয়।
প্রস্তাবিত বিল অনুযায়ী, যেসব ভবনের বকেয়া কর সম্পত্তির মূল্যের অন্তত ২৫ শতাংশ, অথবা প্রতি ইউনিটে গড়ে পাঁচটির বেশি আবাসন বিধি লঙ্ঘন রয়েছে, কিংবা জরুরি মেরামতে শহরকে কমপক্ষে ১ হাজার ডলার ব্যয় করতে হয়েছে—সেসব ভবন এই আইনের আওতায় আসতে পারে। এরপর শহরের আবাসন বিভাগ সবচেয়ে সমস্যাগ্রস্ত ভবনগুলোর তালিকা তৈরি করবে।
সানচেজ উদাহরণ হিসেবে ওয়াশিংটন হাইটস এলাকার দুইটি জরাজীর্ণ ভবনের মালিক ড্যানিয়েল ওহেবশালম–এর কথা উল্লেখ করেন। আদালতের নির্দেশ অনুযায়ী মেরামত না করায় ২০২৪ সালে তাকে দুবার গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, একটি ভবনের ছাদ ধসে পড়ে এক শিশুর ওপর পড়েছিল। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
প্রস্তাবিত “নিরাপদ আবাসন আইন” পাস হলে মেয়র মামদানি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পাবেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বিপজ্জনক পরিবেশে ভাড়াটিয়াদের বসবাসে বাধ্য করা বাড়িওয়ালাদের কাছ থেকে ভবন অধিগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
শুনানিতে আবাসন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন আইনের আওতায় প্রায় তিন হাজার অ্যাপার্টমেন্ট ভবন বাজেয়াপ্ত ও পুনর্বিন্যাসের যোগ্য হতে পারে। এর মধ্যে প্রায় ২০০টি ভবনে মোট বকেয়া দেনা ২৫০ মিলিয়ন ডলারের বেশি এবং সেখানে প্রায় ১৪ হাজার গুরুতর আবাসন বিধি লঙ্ঘনের ঘটনা রয়েছে।
প্রস্তাবিত বিলটি ইতোমধ্যে ৫১ সদস্যের কাউন্সিলে ৩৪ জনের সমর্থন পেয়েছে। তবে এখনো সমর্থন দেননি কাউন্সিল স্পিকার জুলি মেনিন, যিনি বিলটি ভোটে তোলা হবে কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অন্যদিকে কিছু বাড়িওয়ালা সংগঠন বিলটির বিরোধিতা করেছে। তবে প্রভাবশালী রিয়েল এস্টেট সংগঠন Real Estate Board of New York জানিয়েছে, আইনটি কেবল চরম অবহেলার ঘটনাগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং এতে ভাড়াটিয়াদের জন্য নিরাপদ ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা বাসস্থানের নিশ্চয়তা দেওয়া সম্ভব হতে পারে।