জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছিল, তবে আদালত সেটি […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছিল, তবে আদালত সেটি গ্রহণ করেনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশে এমন পদক্ষেপ উদ্বেগজনক ও নিন্দনীয়। তার মতে, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই আন্দোলনের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত রাজনৈতিক আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। তাই এই আন্দোলনের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার চেষ্টা প্রমাণ করে, গত ৫ আগস্ট পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।
এনসিপি জানায়, মামলা বা ভয়ভীতি দেখিয়ে এই নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
বিবৃতিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পরাজিত শক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।