জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেটিকে […]
ছবি: সংগৃহীত
জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেটিকে গণতন্ত্র ধ্বংসের পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছিল। কিন্তু বর্তমানে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, যা তার মতে সম্পূর্ণ অগণতান্ত্রিক।
তিনি বলেন, অবিলম্বে নির্বাচিত সরকারের অধীনে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় লোকজনকে পদায়নের মাধ্যমে লুটপাটের রাজনীতি বন্ধ করারও দাবি জানান তিনি।
সারজিস আলম আরও বলেন, প্রথমে দলীয় লোকদের প্রশাসক করা হবে, এরপর তাদের মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হবে। পরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়া হবে এবং শেষ পর্যন্ত সেই প্রভাব কাজে লাগিয়ে নির্বাচনে তাদের জেতানোর চেষ্টা করা হবে—যা তার মতে একটি রাজনৈতিক নীলনকশা।
পোস্টে তিনি আরও বলেন, এখন তারেক রহমান–এর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—তারা অতীত থেকে শিক্ষা নেবেন, নাকি কিছু পরামর্শকের প্রভাবে স্বৈরাচারের পথে হাঁটবেন।