রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে পদ্মা নদী থেকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হলে ফায়ার সার্ভিস কর্মীরা একের পর এক লাশ বের করেন। উদ্ধার হওয়া লাশগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। […]
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে পদ্মা নদী থেকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হলে ফায়ার সার্ভিস কর্মীরা একের পর এক লাশ বের করেন। উদ্ধার হওয়া লাশগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
দুর্ঘটনায় ডুবে যাওয়া বাসটির দরজা ভেঙে গেছে। ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র ভেসে উঠতে দেখা গেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
নিহতদের মধ্যে কুমারখালী থেকে ওঠা গিয়াস উদ্দিন রিপন, তার স্ত্রী লিটা খাতুন এবং তাদের সন্তানদের পরিচয় পাওয়া গেছে। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। এছাড়া খোকসা ও ঝিনাইদহের কয়েকজন যাত্রীর পরিচয়ও শনাক্ত হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাওয়া বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি পন্টুনে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।