যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে মুসলিম এক নারীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে পার্কের ১০৯তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভ এলাকায় ৩০ বছর বয়সী লতিফ ক্যালডওয়েল নামের এক ব্যক্তি ৪৫ বছর বয়সী এক নারীর ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারী […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে মুসলিম এক নারীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে পার্কের ১০৯তম স্ট্রিট ও ইস্ট ড্রাইভ এলাকায় ৩০ বছর বয়সী লতিফ ক্যালডওয়েল নামের এক ব্যক্তি ৪৫ বছর বয়সী এক নারীর ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারী ওই নারীকে জোর করে একটি বেঞ্চে ফেলে দেয় এবং তার পরিধান করা পূর্ণদেহের হিজাব ছিঁড়ে ফেলে। পরে জোরপূর্বক তার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে এবং তাকে শারীরিকভাবে আঘাতও করে।
তবে ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
আদালতের নথি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে ওই নারীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল।
বুধবার তাকে আদালতে হাজির করা হলে ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ আনা হয়। তবে এই ঘটনায় তাকে ‘হেট ক্রাইম’ হিসেবে অভিযুক্ত করা হয়নি। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বর্তমানে তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।
পুলিশ জানায়, এর আগেও ২০২২ সালে ম্যানহাটনে একই ধরনের ঘটনায় ক্যালডওয়েল গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন এবং গত বছর কারাগার থেকে মুক্তি পান।