সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৯ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর

নিউইয়র্ক সিটির কুইন্সে গভীর রাতে রাস্তা পার হওয়ার সময় একটি বেসরকারি ময়লা বহনকারী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণী। নিহত নিশাত জান্নাতের বয়স ছিল ১৯ বছর। স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে কুইন্সের উডসাইড এলাকার ৬২তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিশাত বৈধ ক্রসওয়াক ব্যবহার করে […]

নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির কুইন্সে গভীর রাতে রাস্তা পার হওয়ার সময় একটি বেসরকারি ময়লা বহনকারী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণী। নিহত নিশাত জান্নাতের বয়স ছিল ১৯ বছর। স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে কুইন্সের উডসাইড এলাকার ৬২তম স্ট্রিট ও রুজভেল্ট অ্যাভিনিউর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিশাত বৈধ ক্রসওয়াক ব্যবহার করে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের একটি স্যানিটেশন ট্রাক মোড় ঘোরার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি ডানদিকে মোড় নেওয়ার সময় ক্রসওয়াকে থাকা নিশাতকে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই জরুরি সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিশাত সেদিন জামাইকা, কুইন্সে নিজের রিসেপশনিস্টের চাকরি শেষ করে বাসায় ফিরছিলেন। তার গায়ে তখনও কর্মস্থলের কালো ইউনিফর্ম ছিল। রাত গভীর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার বোন নওশিন মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে দুর্ঘটনাস্থলের কাছেই তার অবস্থান শনাক্ত করেন। তখনই পরিবারের সামনে ভয়াবহ সত্যটি স্পষ্ট হয়ে ওঠে।

পরিবারের সদস্যরা জানান, নিশাত ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, আশাবাদী এবং সবার প্রিয় একজন মানুষ। তিনি সবসময় কাছের মানুষদের বর্তমানকে উপভোগ করতে, ইতিবাচক থাকতে এবং জীবনকে ভালোবাসতে উৎসাহ দিতেন। তার আকস্মিক মৃত্যু পরিবার, বন্ধু ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে।

দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন ৩৮ বছর বয়সী এক নারী চালক। তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। তারও সামান্য আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড। মোড় নেওয়ার সময় চালকের দৃষ্টিসীমা, সিগন্যাল, সিসিটিভি ফুটেজ এবং গাড়ির গতি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ট্রাক পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস নিশাতের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত রয়েছে।

নিউইয়র্কের মতো ব্যস্ত নগরে ভারী যানবাহনের কারণে পথচারী মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক বাংলাদেশি তরুণীর এভাবে প্রাণ হারানো আবারও পথচারী নিরাপত্তা, বিশেষ করে বড় ট্রাকের মোড় নেওয়ার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ