দেশে পেট্রোল ও অকটেনের নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের চিত্র দেখা যাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ এবং অতিরিক্ত চাহিদার কারণে ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ গ্রাহকরা। ঢাকার আসাদগেটের একটি ফিলিং স্টেশনে বুধবার সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি নিতে দেখা গেছে […]
ছবি: সংগৃহীত
দেশে পেট্রোল ও অকটেনের নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের চিত্র দেখা যাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ এবং অতিরিক্ত চাহিদার কারণে ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ গ্রাহকরা।
ঢাকার আসাদগেটের একটি ফিলিং স্টেশনে বুধবার সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি নিতে দেখা গেছে অনেককে। কোথাও ব্যক্তিগত গাড়িতে নির্দিষ্ট অঙ্কের বেশি তেল দেওয়া হয়নি, আবার অনেক পাম্পে পেট্রোল-অকটেন শেষ হয়ে সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।
জ্বালানি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে পেট্রোল ও অকটেনের একটি বড় অংশ দেশীয় কনডেনসেট থেকে উৎপাদিত হয়। সিলেট গ্যাসফিল্ডসের প্ল্যান্ট এবং কয়েকটি বেসরকারি রিফাইনারি মিলিয়ে প্রতিদিন কয়েক হাজার ব্যারেল পেট্রোল-অকটেন উৎপাদন হচ্ছে। বছরে মোট চাহিদার বড় অংশই এভাবে পূরণ করা সম্ভব হয়।
হবিগঞ্জে সিলেট গ্যাসফিল্ডসের ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিটে প্রতিদিন কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল এবং অল্প পরিমাণ এলপিজি উৎপাদন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় উৎপাদন থেকেই পেট্রোলের মোট চাহিদার প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ পূরণ হয়। অকটেনের ক্ষেত্রেও বড় অংশ দেশেই উৎপাদিত হচ্ছে, বাকি অংশ রিফাইনারি ও আমদানির মাধ্যমে আসে।
তাহলে সংকট কেন—এ প্রশ্নের উত্তরে সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা উৎপাদনে নয়, বরং অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি ও আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। এতে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।
পেট্রোলপাম্প মালিকদের ভাষ্য, যেখানে আগে দৈনিক কয়েক হাজার লিটার বিক্রি হতো, এখন একই পাম্পে চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা ট্যাংক পূর্ণ করে নিচ্ছেন, কেউ কেউ অতিরিক্ত পাত্রেও তেল রাখার চেষ্টা করছেন। এর ফলে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দেশীয় কনডেনসেট উৎপাদন কিছুটা কমলেও পেট্রোলের সরবরাহ পুরোপুরি ভেঙে পড়ার কথা নয়। তবে অকটেনের ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেশি থাকায় আতঙ্কে চাহিদা বেড়ে গেলে তাৎক্ষণিক চাপ তৈরি হয়।
সরকার বলছে, মে মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত তেল আমদানি করা হয়েছে এবং মজুদের ঘাটতি নেই। পরিস্থিতি সামাল দিতে কিছু এলাকায় ফুয়েল কার্ড, কিউআর কোড এবং জোড়-বেজোড় নম্বর অনুযায়ী সরবরাহ ব্যবস্থাও চালু করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, গ্রাহকেরা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা বন্ধ করলে এবং বাজারে আতঙ্ক কমে এলে পেট্রোল-অকটেনের সরবরাহ দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।