দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের দক্ষ করে তুলতে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। উদ্বোধনী […]
ছবি: সংগৃহীত
দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের দক্ষ করে তুলতে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের সূচনা ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সরকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের যুবসমাজকে আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটপ্লেসে কাজের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, কর্মসংস্থান বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আধুনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন আয়ের পথ খুলে দেওয়া হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে মোট ৩৬ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এর বাস্তব কার্যক্রম শুরু হয়।
বর্তমানে ষষ্ঠ ব্যাচে ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত মেয়াদে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস যুবকদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।
এখন পর্যন্ত পাঁচ ধাপে মোট ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের মধ্যে ৬০ শতাংশ ইতোমধ্যে দেশি ও বিদেশি মার্কেটপ্লেসে কাজ করছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তাদের মোট আয় ১৮ লাখ ৪৫ হাজার ৬৪৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ।
প্রশিক্ষণে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সফট স্কিল এবং স্মার্টফোনভিত্তিক ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন মাসে দৈনিক ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য যাতায়াত ভাতা, খাবার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হচ্ছে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্রও দেওয়া হবে।