অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা আগে ক্ষমতায় ছিল তারাই এসব অধ্যাদেশ জারি করেছিল, আর রাজনৈতিক প্রকৌশলের […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা আগে ক্ষমতায় ছিল তারাই এসব অধ্যাদেশ জারি করেছিল, আর রাজনৈতিক প্রকৌশলের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এখন সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগকে তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন।
নাহিদ বলেন, এ পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা উচিত নয়; বরং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, “আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পর তারা এখন কিছুই তোয়াক্কা করছে না। গণভোট মানছে না। জুলাই সনদ অনুযায়ীও গণভোট হয়নি। বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনা হচ্ছে না।”
তার অভিযোগ, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার এবং সচিবালয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের চেষ্টা চলছে। নাহিদের ভাষায়, বিএনপির অনেক নেতাই গুমের শিকার হয়েছেন, তাই এ ধরনের অধ্যাদেশ বাতিল হলে দলটির অবস্থানের সঙ্গেও তা সাংঘর্ষিক হবে।
শনিবার দুপুরে ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরেই তিনি এসব মন্তব্য করেন। তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।