বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে একই ধরনের অভিযোগে আরেক আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র বিভাগ তার […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে একই ধরনের অভিযোগে আরেক আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অতীতে দেওয়া কিছু বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র বিভাগ তার ভিসা বাতিল করে। অভিযোগ উঠেছে, তিনি ইহুদি সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং বৈশ্বিক অস্থিরতার জন্য তাদের দায়ী করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, শায়খ আহমাদুল্লাহ ‘এ লেগাসি অব ফেইথ’ শীর্ষক একটি বক্তৃতা সফরে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে বিতর্ক শুরু হওয়ার পর তিনি আগেভাগেই দেশটি ত্যাগ করেন। পরে তার ভিসা বাতিল হওয়ায় তিনি আর অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন না।
এ ঘটনায় সিডনির নির্ধারিত অনুষ্ঠান ছাড়াও ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে পরিকল্পিত বাকি কর্মসূচিগুলোও বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে পুরো সফরই স্থগিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বলেছেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী ঘৃণামূলক বক্তব্য ছড়ায়, তাদের বিষয়ে সরকারের অবস্থান কঠোর। মাইগ্রেশন আইনের আওতায় এ ধরনের ভিসা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, এর আগে বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারীর ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া সরকার এখন আহমাদুল্লাহর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, সেটিও পর্যালোচনা করছে।